নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে, আনন্দ শোভাযাত্রা এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন পুলিশ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বাড়ছে। এর ফলে যানজটের পাশাপাশি অপরাধপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ প্রশাসন কাজ করছে।
তিনি বলেন, বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে। ভবিষ্যতে থানার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমানে চারটি থানার মাধ্যমে পুলিশি সেবা দেওয়া হলেও ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, আরও চারটি থানা যুক্ত করে মোট আটটি থানার মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম পরিচালনার প্রস্তাবনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)-এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম, উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার।
এ ছাড়া বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহসভাপতি হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। বর্তমানে সংস্থাটিতে প্রায় ১ হাজার ৮০০ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।
বরিশাল প্রতিনিধি 

























