দীর্ঘ ৪৩ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে নিজের জমির দখল ফিরে পেয়েছেন বরিশালের আব্দুল হাই বাপ্পি। আদালতের নির্দেশে প্রশাসনের উদ্যোগে বরিশাল নগরীর মল্লিক রোড এলাকার প্রায় সাড়ে ১৪ শতাংশ জমি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বরিশালের বগুরা আলেকান্দা মৌজার ওই জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বরিশালের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে প্রশাসন এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য ও কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মালেক গং ওই জমি ভোগদখল করে আসছিলেন। জমির মালিকানা নিয়ে দীর্ঘ আইনি বিরোধের পর আব্দুল হাই বাপ্পি নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও রিভিউ পর্যায় পর্যন্ত আইনি লড়াই করেন। পরবর্তী সময়ে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে উচ্ছেদের আবেদন করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট জমিটি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে জমি দখলে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে নোটিশ না পাওয়ার অভিযোগ ওঠায় তাদের আরও এক মাস সময় দেওয়া হয়। নির্ধারিত সময় পার হলেও আদালতের নির্দেশ বাস্তবায়নে কোনো বাধা দূর না হওয়ায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ অনুযায়ী সাড়ে ১৪ শতাংশ জমি মূল মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগে জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নোটিশ না পাওয়ার অভিযোগের কারণে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
জমির মালিক আব্দুল হাই বাপ্পি বলেন, “দীর্ঘ ৪৩ বছর জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও রিভিউ পর্যন্ত আইনি লড়াই করেছি। আদালতের প্রক্রিয়া শেষে প্রশাসনের মাধ্যমে নিজের জমি ফিরে পেয়েছি।”
তিনি আরও বলেন, জমি ফিরে পাওয়ার মধ্য দিয়ে তিনি আইনের প্রতি আস্থা ফিরে পেয়েছেন। একই সঙ্গে জমি নিয়ে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
বরিশাল প্রতিনিধি 
















