মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে সাক্ষাতের বিষয়গুলো তুলে ধরেন।
রাষ্ট্রপতি সাম্প্রতিক গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা আরও বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিদেশি ভাষা, কারিগরি দক্ষতা ও আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের আরও দক্ষ এবং কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান। তিনি বাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মহাপরিচালক জানান, দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সদস্যদের তথ্যভান্ডার তৈরির উদ্যোগ, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাহিনী। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনীগুলোর একটি। তিনি আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন।
এ সময় বাহিনীর আধুনিকায়ন, সংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে আনসার ও ভিডিপির ভূমিকার প্রশংসা করেন তিনি। ভবিষ্যতে এসব ক্ষেত্রে আরও কার্যকর কর্মসূচি নেওয়ার জন্য বাহিনীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
দায়িত্ব পালনের সময় আনসার ও ভিডিপির উন্নয়নে রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও মহাপরিচালককে আশ্বস্ত করা হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















