সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। বিশ্ব গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাংবাদিকদের এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশ্বজুড়ে গণমাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন ঘটছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর।
চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘আইটি ক্যারিয়ার সল্যুশন’-এর সহযোগিতায় সিআরএফ সদস্যদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘এআই টুলস’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাজী আবুল মনসুর বলেন, সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই, ফ্যাক্ট-চেকিং এবং পাঠক-দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এআই প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে সাংবাদিকতার কাজ আরও দ্রুত, গতিশীল ও কার্যকর হচ্ছে।
তিনি বলেন, হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র কিংবা বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অজানা যোগসূত্র খুঁজে বের করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন কাজে এআই প্রযুক্তি ব্যবহার করছে। এ ছাড়া খেলাধুলার স্কোর, শেয়ারবাজারের হালনাগাদ তথ্য এবং আবহাওয়ার নিয়মিত প্রতিবেদন তৈরিতেও স্বয়ংক্রিয় প্রযুক্তি সহায়তা দিচ্ছে।
সিআরএফ সভাপতি আরও বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব, ডিপফেক ভিডিও ও ভুয়া ছবি শনাক্ত করার ক্ষেত্রেও এআই টুল কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এ প্রযুক্তির ব্যবহার যেন সংবাদের সত্যতা, নির্ভুলতা ও সাংবাদিকতার নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “বিশ্বের সাংবাদিকতার সঙ্গে তাল মেলাতে হলে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষ করে তুলতে হবে। এআই টুলসের যথাযথ ব্যবহার সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
এ সময় তিনি সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এআই প্রযুক্তির যথাযথ ব্যবহারের জন্য ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, আইটি ক্যারিয়ার সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সিআরএফের নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ এবং দপ্তর সম্পাদক হাসান মুরাদ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ২৫ জন সদস্য অংশ নিচ্ছেন। কর্মশালাটি আয়োজনে আইটি ক্যারিয়ার সল্যুশনের পক্ষে সার্বিক সহযোগিতা করছেন হেফাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ শাহরিয়ার, রাফায়েত ইসলাম রাফি ও তারেফুল ইসলাম রাফি।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 























